কমলাপুরে প্রেমিকের হাতে নারীর মর্মান্তিক হত্যাকাণ্ড
কমলাপুর রেলস্টেশনে নারী হত্যা, প্রেমিক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, তার প্রেমিক সুজনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। ঘটনার মূল কারণ হিসেবে প্রেমের সম্পর্কের বিবাদকে ধরে তদন্ত শুরু করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্লাটফর্মের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক আবু হানিফ জানিয়েছেন, নিহত নারীর মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ওসি জয়নাল আবেদীন জানান, নিহত শ্যামলী নাটোর জেলার বাসিন্দা এবং বর্তমানে আজিমপুর এলাকায় বসবাস করতেন। আটক সুজন পাবনা জেলার। প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রেমের সম্পর্কের অবনতি এই হত্যাকাণ্ডের মূল কারণ। বিস্তারিত তদন্ত চলছে।


























