পিরোজপুর জেলা বিএনপির কমিটি বাতিল, স্থগিত হলো ছাত্রদলের কার্যক্রম
- আপডেট সময় : ০৬:০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ চলাকালে হট্টগোলের ঘটনা ঘটে। ভোট গণনা শেষ হওয়ার আগেই কয়েকজন যুবক ব্যালট বাক্স ছিনিয়ে নিলে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা স্থগিত করে। এ ঘটনার পর জেলা বিএনপির নেতারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেন।
পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তে জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই ঘটনায় জেলা ছাত্রদলের কার্যক্রমও স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। পাশাপাশি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।















