নতুন সরকার দায়িত্ব নিচ্ছে কবে?
- আপডেট সময় : ০২:৫৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার একদিন পরেই বিজয়ীদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন সবার দৃষ্টি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দিকে।
তবে সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠনের দিনক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, আগামী মঙ্গলবারই শপথ নিতে পারে নতুন সরকার।
সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমেই নতুন সংসদের যাত্রা শুরু হয়। এরপরই রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করান। তবে এবারের প্রেক্ষাপটে শপথ কে পাঠ করাবেন, তা নিয়ে কিছুটা আইনি অস্পষ্টতা তৈরি হয়েছে।
সংবিধান বিশেষজ্ঞ ও আইনবিদরা সতর্ক করে বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শপথ গ্রহণ বা সরকার গঠন করা হলে ভবিষ্যতে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
সূত্রগুলো জানাচ্ছে, কোনো ধরনের সাংবিধানিক বিতর্ক এড়াতে গেজেট প্রকাশের তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে শপথ পাঠের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। মূলত আইনি নিশ্ছিদ্রতা নিশ্চিত করতেই এই সামান্য বিলম্ব বলে ধারণা করা হচ্ছে।
রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। তবে তার আগে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে হবে। সব ঠিক থাকলে মঙ্গলবারই বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল সম্পন্ন হতে যাচ্ছে।
সূত্রঃ news24bd.tv






















