পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের রেকর্ড জয়
- আপডেট সময় : ০৩:২১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১ বার পড়া হয়েছে
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এক দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বুধবার (১১ মার্চ) নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। পাকিস্তানের দেওয়া ১১৪ রানের মামুলি লক্ষ্য তাড়ায় তামিম-শান্তরা সময় নিয়েছেন মাত্র ১৫ ওভার ১ বল। ইফতারের নির্ধারিত বিরতির আগেই ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে টাইগাররা।
আজ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের শুরুতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিং করলেও প্রথম ব্রেকথ্রুর জন্য সপ্তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে পাওয়ার প্লের শেষ ওভারে বল তুলে দেন তরুণ পেসার নাহিদ রানার হাতে। আর তাতেই দৃশ্যপট বদলে যায়।
নিজের প্রথম ওভারের শেষ বলেই ওপেনার সাহিবজাদা ফারহানকে (২৭) আফিফ হোসেনের ক্যাচে পরিণত করেন নাহিদ। এরপর শুরু হয় তাঁর ক্যারিয়ারসেরা স্পেল। নিজের পরবর্তী চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দেন এই পেসার।
একে একে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগাকে সাজঘরে পাঠিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ (৫ উইকেট) পূর্ণ করেন নাহিদ। মিরপুরের উইকেটে তাঁর অতিরিক্ত বাউন্স আর গতির মুখে পাকিস্তানি ব্যাটাররা কার্যত দিশেহারা হয়ে পড়েন।
নাহিদের তৈরি করা সেই ধ্বংসস্তূপে এরপর আঘাত হানেন অধিনায়ক মিরাজ। ১৯তম ওভারে আব্দুল সামাদকে লিটনের গ্লাভসবন্দি করার পর হোসাইন তালাত ও শাহিন শাহ আফ্রিদিকেও দ্রুত ফিরিয়ে দেন তিনি। এক পর্যায়ে মাত্র ৮২ রানেই ৯ উইকেট হারিয়ে ১০০-র নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান।
তবে শেষ উইকেটে ফাহিম আশরাফ ও আবরার আহমেদের ৩২ রানের লড়াকু জুটি দলীয় সংগ্রহকে একশ পার করতে সাহায্য করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে ফাহিমের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ম্যাচসেরা নাহিদ রানা।
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত্তি গড়ে দেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ইফতারের জন্য নির্ধারিত বিরতির আগেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশের ব্যাটারদের ওপর কোনো চাপই তৈরি করতে পারেননি পাকিস্তানের বোলাররা।
সূত্রঃ news24bd.tv
























