বরিশালের গৌরনদীতে বার্থী ইউপি নির্বাচনে আলোচনায় যুবদল নেতা কাফী
- আপডেট সময় : ০৪:৩৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতি। উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো বার্থী ইউনিয়নেও বইছে নির্বাচনী হাওয়া। আর এই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন জেলা যুবদল নেতা ও বিশিষ্ট সমাজসেবক তারিকুল ইসলাম কাফী।
তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা জানান, বিরোধী দলের কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনেও তিনি মাঠে অত্যন্ত সক্রিয় ছিলেন। মাঠে তার এই ধারাবাহিক উপস্থিতি ও বলিষ্ঠ সাংগঠনিক তৎপরতা তাকে স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করে দিয়েছে।
শুধু রাজনীতিতেই নয়, সামাজিক উন্নয়নেও কাফীর রয়েছে সরব উপস্থিতি। শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে তার নানা সচেতনতামূলক উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে। মানবিক ও সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের ফলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।
গৌরনদীর ধানডোবা গ্রামের এক সচেতন রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া তারিকুল ইসলাম কাফী মনে করেন, সমাজ থেকে অন্যায়-অপরাধ দূর করতে সৎ ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। স্থানীয় সরকার ব্যবস্থায় কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তন আনতে তিনি যোগ্য ও পরিচ্ছন্ন জনপ্রতিনিধি নির্বাচনের ওপর জোর দেন।
এখনও ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়নি। তবে বার্থী ইউনিয়নের গ্রামগঞ্জ, হাট-বাজার ও চায়ের আড্ডায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা তুঙ্গে। স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, তারুণ্যদীপ্ত নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার কারণে আসন্ন নির্বাচনে তারিকুল ইসলাম কাফী অন্য প্রার্থীদের চেয়ে বেশ একধাপ এগিয়ে থাকবেন এবং ইউনিয়নের সুষম উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবেন।

























