মহাসড়ক দখল করে ইজারার নামে অর্থ আদায়: উচ্ছেদের দাবি মাওলানা এহসানুল হকের
- আপডেট সময় : ০৩:৪৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২ বার পড়া হয়েছে
গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দখল করে ইজারার নামে অর্থ আদায়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা এহসানুল হক।
এক বিবৃতিতে তিনি বলেন, শ্রীপুরের মাওনা চৌরাস্তা, নয়নপুর, এমসি বাজার, জৈনাবাজার ও সদরের বাঘের বাজার ভবানীপুরসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের ওপর শত শত দোকানপাট বসিয়ে সড়ক কার্যত সংকুচিত করে রাখা হয়েছে। এতে দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং লাখো যাত্রী—বিশেষ করে পোশাকশ্রমিক ও শ্রমজীবী মানুষ—চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, ইজারার দোহাই দিয়ে একটি পক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মহাসড়কের এক ইঞ্চি জায়গাও ইজারা দেওয়ার কোনো আইনগত সুযোগ না থাকলেও দখল অব্যাহত রয়েছে।
মাওলানা এহসানুল হক বলেন, সড়কের ওপর দোকানপাট স্থাপন, ময়লা-আবর্জনা ফেলা ও অপরিকল্পিত দখলের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। একটি জাতীয় মহাসড়ক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকতে পারে না।
তিনি অবিলম্বে মহাসড়ক থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, অর্থ আদায় বন্ধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।















