আলী আমজদের ঘড়িঘর থেকে সরানো হবে ‘জুলাই স্মৃতিফলক’
- আপডেট সময় : ০৬:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘর চত্বর থেকে ‘জুলাই স্মৃতিফলক’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ঘড়িঘর এলাকায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ শুরু হলেও ঘড়ির অংশ আড়াল হয়ে যাওয়ায় ব্যাপক সমালোচনা ওঠে। এর প্রেক্ষিতে গত ২৫ আগস্ট থেকে নির্মাণকাজ স্থগিত করে সিটি করপোরেশন। পরে বিভিন্ন সংগঠন স্মৃতিফলকটি অন্যত্র স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্মৃতিফলক সরিয়ে নেওয়ার পাশাপাশি ঘড়িঘর চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সৌন্দর্যবর্ধনের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া কিনব্রিজ এলাকা থেকে ট্রাক ও অন্যান্য স্ট্যান্ড অপসারণের ব্যাপারেও অংশগ্রহণকারীরা একমত হন।
শহীদদের স্মরণে নগরের বিভিন্ন স্থানে আলাদাভাবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কিনব্রিজ এলাকায় শহীদ মো. পাবেল আহমদ ও পঙ্কজ কুমারের স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্ত হয়। এছাড়া শহীদ সাংবাদিক এ টি এম তুরাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের স্মৃতিফলক নির্মাণকাজও সিটি করপোরেশন বাস্তবায়ন করছে বলে বৈঠকে জানানো হয়।











