“পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল
- আপডেট সময় : ০৯:২৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:
পিআর ব্যবস্থার নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
কায়সার কামাল বলেন, “পিআরের জন্য কেউ জীবন দেয়নি। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। দেশের মানুষ গত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন সবাই ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দিয়ে জনগণের কাছে আসুক।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত ধর্মীয় আবেগ ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে এবং পিআরের নামে নতুন ষড়যন্ত্র করছে, যাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ গড়ে না ওঠে।
অনুষ্ঠানে রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি অনুজ চক্রবর্তী, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

























