এপস্টেইন নথিতে নাম, যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
- আপডেট সময় : ০২:৪০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
এপস্টেইন সম্পর্কিত নথিতে যৌন অপরাধী হিসেবে নাম আসার পর যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লর্ড ম্যান্ডেলসন। বলেন, নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরির কারণ হতে চান না তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে যেসব নথি প্রকাশ করেছে সেখানেও তার নাম এসেছে। অতীতে এপস্টেইনের সাথে যোগসূত্র থাকার কারণে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।
লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে দেওয়া চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, ‘চলতি সপ্তাহে জেফরি এপস্টেইনকে নিয়ে তৈরি হওয়া ক্ষোভের সঙ্গে আমি আবারও যুক্ত হয়ে পড়েছি। এতে আমি অনুতপ্ত বোধ করছি এবং এ বিষয়ে দুঃখিত’।
লর্ড ম্যান্ডেলসন আরও বলেন, ‘২০ বছর আগে আমাকে অর্থ দেওয়ার অভিযোগ মিথ্যা বলেই আমি বিশ্বাস করি। এর কোনো প্রমাণ ও ভিত্তি নেই। আমি সঠিকভাবে মনে করতে পারছি না। এগুলো আমাদের যাচাই করে দেখতে হবে। তবে আমি লেবার পার্টির জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না এবং সেজন্য আমি দলের সদস্যপদ থেকে সরে যাচ্ছি।’
নথি অনুযায়ী, ২০০৩ ও ২০০৪ সালে, এপস্টেইন ২৫ হাজার ডলার করে তিন দফায় লর্ড ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার দিয়েছিলেন।
সূত্রঃ Jamuna.tv



















