বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল, হীরালাল সেন পদক
- আপডেট সময় : ০৫:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
৮ ফেব্রুয়ারি পর্দা নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২ এর ২৪ তম আসরের। বাংলা ভাষার সর্ববৃহৎ এই চলচ্চিত্র উৎসবে এ বছর সেরা চলচ্চিত্র পুরস্কার হিসাবে হিরালাল সেন পদক ও সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন আকাশ হক প্রযোজিত ও পরিচালিত ক্যাম্পাস বাস্তবতার সাহসী প্রতিচ্ছবি, এই সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা “দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল”।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার সমাপনী সন্ধ্যায় আকাশ হক এর হাতে হীরালাল সেন পদক তুলে দেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের মডারেটর সহযোগী অধ্যাপক হাবিবা রহমানসহ দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল এর নির্মাতা, কলাকুশলী, শোবিজ, গণমাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি, ২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং এটি আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিক পুরষ্কার হিসেবে (ফিপরিসি আওয়ার্ড) বেস্ট ফিচার ফিল্ম আওয়ার্ড জিতে নেয় এবং দেশী বিদেশী চলচ্চিত্র বোদ্ধা সহ অসংখ্য দর্শকের প্রশংসা পান।
গত ৫ ফেব্রুয়ারি রেকর্ড সংখ্যক দর্শকদের উপস্থিতির মধ্য দিয়ে আমার ভাষার চলচ্চিত্র উৎসবে ২য় বারের মতো প্রদর্শিত হয় সিনেমাটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর সিনেমাটির ভুয়সী প্রশংসা করেন। এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্ত্বরে দর্শকের লম্বা লাইন ও উপস্থিতি ছিল গত ১ দশকের মধ্যে সর্বোচ্চ।
সূত্রঃ Jamuna.tv
























