‘এইচ-১২৫’ হেলিকপ্টারের অ্যাসেম্বলি লাইন তৈরি করতে যাচ্ছে ভারত ও ফ্রান্স
- আপডেট সময় : ০৩:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
বহুল আলোচিত ‘এইচ-১২৫’ হেলিকপ্টারের অ্যাসেম্বলি লাইন তৈরি করতে যাচ্ছে ভারত ও ফ্রান্স। ফরাসি বিমান নির্মাণ সংস্থা- এয়ারবাস এবং ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান- টাটা অ্যাডভান্স সিস্টেমস যৌথভাবে তৈরি করবে এ হেলিকপ্টার। পাহাড়ি কিংবা দুর্গম এলাকায় সহজেই উদ্ধারকাজ এবং মালামাল পরিবহনে সক্ষম এই উড়োযান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের কর্ণাটক রাজ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন এর উদ্বোধন করেন।
ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাস নির্মিত ‘এইচ-১২৫’ হেলিকপ্টারটি এভারেস্টের সমান উচ্চতায় উড়তে সক্ষম। প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে ভারতে যৌথভাবে ‘এইচ-১২৫’ হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করতে যাচ্ছে দু’দেশ।
নরেন্দ্র মোদি বলেন, এই প্রথম ভারত এমন একটি হেলিকপ্টার তৈরি করতে যাচ্ছে যা এভারেস্টের সমান উচ্চতায় পৌঁছাতে সক্ষম। এটি তৈরি হচ্ছে দেশেই, যা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। শুধু তাই নয়, বিশ্বজুড়ে রপ্তানিও করা হবে উড়োযানটি। ভারত-ফ্রান্স অংশীদারিত্বের কোনো সীমানা নেই, গভীর সমুদ্র থেকে সর্বোচ্চ পর্বত পর্যন্ত এই সম্পর্ক বিস্তৃত।
কমপক্ষে ৬ জন যাত্রী বহনে সক্ষম হেলিকপ্টারটি উড়তে পারে ভূপৃষ্ঠ থেকে অন্তত ২৩ হাজার ফুট উচ্চতায়। শক্তিশালী টু-ডি টার্বাইন ইঞ্জিনের থাকায় পাহাড়ি কিংবা দুর্গম এলাকায় সহজেই উদ্ধারকাজ ও মালামাল পরিবহনে সক্ষম উচ্চক্ষমতাসম্পন্ন উড়োযানটি। ঘণ্টায় প্রায় ২৫৯ কিলোমিটার বেগে উড়ে হেলিকপ্টারটি একনাগাড়ে অতিক্রম করতে পারে প্রায় ৬৫১ কিলোমিটার দূরত্ব।
উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের তিন দিনের ভারত সফরে সামরিক বেসামরিক মিলিয়ে দু’দেশের মাঝে স্বাক্ষরিত হয়েছে ২০ টিরও বেশি চুক্তি।
সূত্রঃ Jamuna.tv
‘এইচ-১২৫’ হেলিকপ্টারের অ্যাসেম্বলি লাইন তৈরি করতে যাচ্ছে ভারত ও ফ্রান্স
























