ত্রয়োদশ নির্বাচনের আগে একাধিক সরকার আসতে পারে: আসাদুজ্জামান রিপন
- আপডেট সময় : ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে আরও দু-একটি সরকার গঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিপন বলেন, “অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আসতে পারে। যেমন বাহুবলী ওয়ান, টু, থ্রি—তেমনি হয়তো দেখা যাবে ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।”
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ এমন এক পরিবেশ তৈরি করেছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়—এই ধারণা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ব্যবসায়ী, প্রশাসন, সেনাবাহিনী থেকে পুলিশ পর্যন্ত সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
শেখ হাসিনার পতন ছিল অনিবার্য বলে মন্তব্য করে রিপন স্মরণ করিয়ে দেন, “গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক সভায় আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন।”
তবে বিএনপি ক্ষমতায় এলেও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, শেখ হাসিনা যদি ফিরে আসেন তবে “সবার জন্য তা বিপদের কারণ হতে পারে।”















