রাজধানীর নিকেতন থেকে সাবেক এমপি কবিরুল হক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নড়াইল–১ আসনের প্রতিনিধি কবিরুল হক (মুক্তি) রাজধানীর গুলশান নিকেতন এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপির সূত্র জানায়, রাত নয়টার কিছু পর কবিরুল হককে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে একাধিক মামলা থাকলেও কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
কবিরুল হক প্রথমবার ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নড়াইল–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে একই আসনে জয় পান।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এ সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।















