২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করার ঘোষণা অন্তর্বর্তী সরকারের
- আপডেট সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণের ইচ্ছাই জয়ী হবে এবং কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।
গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে সরকার জানায়, এ ধরনের সহিংসতা শুধু ব্যক্তি নয়, গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও আঘাত করেছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।
সরকার জানায়, নূর ও তার দলের আহতদের চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশেও পাঠানো হবে।
বিবৃতিতে নূরের অতীত ভূমিকার কথা উল্লেখ করে বলা হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত তিনি স্বাধীন ও সুষ্ঠু গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সাহস ও আত্মত্যাগ জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলে, ‘আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, সব ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে সফল উত্তরণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।’















